র‍্যাবের নতুন গোয়েন্দা পরিচালক হলেন লে. কর্ণেল খায়রুল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার নতুন পরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম। আজ (বুধবার) তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এই দায়িত্বে থাকা লে. কর্ণেল মো. সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন তিনি।

র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুযোগ্য কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তার গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশন ফোর্স বিএএনএমপি-৪ (ইউএনএমআইএস) এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সাথে কাজ করেছে। এছাড়াও সমাজের নানামূখী অপরাধ দমন সংক্রান্ত অভিযানে লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি উগান্ডা, ইউকে, ভারত এবং ইউএসএ হতে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারী কর্তব্যে গমন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর