খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এসএম রাজু হোসেন ৫০ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ গ্রেফতারের পর দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে রাজুকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে প্রেরিত ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএম রাজু হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কার হওয়া রাজু নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের একটি অংশ নিয়ন্ত্রণ করতেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এসএম রাজু হোসেনকে বহিষ্কার করে খুলনা মহানগর ছাত্রলীগ।
নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সেই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হলো।
খুলনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, মঙ্গলবার রাতে নগরীর বাগমারা এলাকায় ফেনসিডিল সেবনের সময় দুই যুবককে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, পরে তাদের দেহ তল্লাশি করলে রাজুর পকেটে টিস্যুর ভেতর মোড়ানো ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/অমি