মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে পুরুষ ও মহিলা দলের পৃথক পৃথক অংশগ্রহণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা পুলিশের সহযোগিতায় এবং কাবাডি কমিটির আয়োজনে বোয়ালমারী উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এশিয়া মহাদেশের কাবাডি ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।

খেলায় ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। তারা প্রতিপক্ষ ফরিদপুর সদর দলকে ৪৮-৪২ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়। এছাড়া মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। তারা প্রতিপক্ষ ফরিদপুর সদর দলকে ৩২-২৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এদেশে কাবাডি অত্যন্ত জনপ্রিয় খেলা’। ভবিষ্যতে বাংলাদেশের কাবাডি দল বহির্বিশ্বে তাদের সুনাম অক্ষুন্ন রাখে বলে আশা প্রকাশ করেন তিনি।
খেলায় মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বোয়ালমারী দলের চায়না। অন্যদিকে ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের শুভ। হাজার হাজার দর্শক কাবাডি খেলাটি উপভোগ করেন।
বার্তা বাজার / ডি.এস