রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

সিলেটে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে আলোচিত এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।

তিনি জানান, রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলামসহ তদন্ত সংশ্লিষ্ট পিবিআই সিলেটের পাঁচজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। তাই গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে।

এর আগে, পুলিশ সদর দফতরের নির্দেশনায় ১৩ অক্টোবর দেশ-বিদেশে আলোচিত এই হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়। ওইদিন রাতেই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেনের কাছ থেকে মামলার তদন্তভার বুঝে নেন পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম। এরপর থেকে তিনিই মামলাটি তদন্ত করে আসছিলেন।

গত রবিবার (১ নভেম্বর) রাতে করোনার নমুনা পরীক্ষায় পরিদর্শক মহিদুল ইসলামসহ পিবিআই সিলেটের পাঁচ পরিদর্শক ও আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর