১ কোটি ভোটারের ফোনে রহস্যময় কল, তদন্তে এফবিআই

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনকে ঘিরে চলছে জল্পনা-কল্পনা। ট্রাম্পকে সরিয়ে বাইডেন কি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন? নাকি ট্রাম্পই পুণরায় প্রেসিডেন্ট হচ্ছেন?

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জো বাইডেন ট্রাম্পের থেকে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৩১টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৯৮ টি। যদিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফলের।

তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে রোবোকলের রহস্য এখনো উন্মোচন হয়নি। রোবোকল হচ্ছে- যে কল ধরলে ওপাশ থেকে রোবটের কণ্ঠ শোনা গেছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি রাজ্যের ভোটারদের মোবাইল ফোনে এমন রহস্যময় কল গেছে।

ওয়াশিংটন পোষ্ট লিখেছে, গত কয়েক সপ্তাহে আমেরিকান ভোটারদের কাছে আনুমানিক ১ কোটি ফোন কল গেছে, যা করা হয়েছে যন্ত্রের মাধ্যমে। রেকর্ড করা ওই অডিও বার্তায় কম্পিউটারে তৈরি করা যান্ত্রিক নারী কণ্ঠে সবাইকে বাড়িতে থাকতে উৎসাহ দেয়া হয়েছে। তবে নির্বাচনে ভোট দেয়া নিয়ে সেখানে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। ভুয়া অথবা অপরিচিত নম্বর থেকে এসব কল গেছে।

গত কিছুদিনে যুক্তরাষ্ট্রের প্রায় সব এলাকায় এ ধরনের কল আসার তথ্য মিলেছে বলে ওয়াশিংটনের পোষ্টের ওই লেখায় জানানো হয়েছে।

রোবোকলের পেছনে কোন চক্র যুক্ত সে রহস্য এখনও বের করা সম্ভব হয়নি। তবে এতে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে এফবিআই।

যদিও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো প্রমাণ এখনও মেলেনি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চ্যাড উলফ। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উলফ বলেছেন, ভোটে কোনো বিদেশি শক্তি সমস্যা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, এমন কোনো প্রমাণ আমরা পাইনি।

তবে রহস্যময় সেসব ফোনকলকে গুরুত্ব দিয়ে দেখছে এফবিআই।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর