নোয়াখালীর বেগমগঞ্জে আপন মামা সৌদি আরব থাকার সুযোগে মামীকে ধর্ষণ করার অভিযোগে সোহান (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ১১ মাস পর শিশুবাচ্চা কোলে নিয়ে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেতে আসেন।
মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকা থেকে সোহানকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার সোনাইমুড়ীর কাইয়া গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী নারীর দাবি, তার কোলে থাকা শিশুটির বাবা তারই আপন ননদের ছেলে সোহান। গত বছরের ৪ ডিসেম্বর ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে আসেন ওই গৃহবধূ। ওই সময় ভাগ্নে সোহান তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এ ঘটনার ১১ মাস পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বেগমগঞ্জ থানায় অভিযুক্ত সোহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
বার্তাবাজার/এসজে