ইবি শিক্ষার্থীর ধর্ম নিয়ে কটুক্তির ঘটনায় তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় শিক্ষাবর্ষের (২০১৬-১৭) ছাত্র মো: সাইফুল্লাহ আল হাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে ব্যঙ্গ করে সম্প্রতি ফ্রান্সের সরকারি গণমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোষ্টের পক্ষে অবস্থান নেয়া এবং অশোভনীয় মন্তব্যের অভিযোগের বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত উদঘাটন পূর্বক রিপোর্ট পেশ করার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এ বিষয়ে বিভাগীয় একাডেমিক কমিটি লিখিত ভাবে জানিয়েছেন বলেও ঐ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদকে আহ্বায়ক এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিকে সদস্য করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১/১০/২০ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত সাইফুল্লাহ আল হাদী ইসলামের পবিত্র স্থান মক্কা ও পবিত্র নিদর্শন জমজম কূপ সম্পর্কে কটুক্তি করেন এবং ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে ব্যঙ্গ করে কার্টুন ছাপানোর পক্ষে সাফাই গেয়ে পোষ্ট করেন। ঐ পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং হাদীকে বহিষ্কারের দাবি জানান তারা।

এদিকে এর আগেও ইসলাম ধর্ম নিয়ে একাধিক বার তিনি এমন কটুক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর