এবার করোনায় আক্রান্ত হলেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক। তবে করোনায় আক্রান্ত হলেও তিনি শারিরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক কেভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগ জানিয়েছেন, জেলা প্রশাসক মো. জিয়াউল হক সহ তার পরিবারের ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে শুধু জেলা প্রশাসকের পজিটিভ ও অন্যদের নেগেটিভ এসেছে।
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, শরীরে জ্বর অনুভব করায় সোমবার সকালে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতে তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় তিনি করোনা পজিটিভ।তিনি বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছি।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। সেই থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ৮ হাজার ১০৭ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ বা ৭ হাজার ৫৮৩ জন সুস্থ হয়েছেন।
তবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৩ জন। যা মোট আক্রান্তের ২ দশমিক ৩৮ শতাংশ।
বার্তাবাজার/অমি