করোনা সংক্রমণ রোধে শীতকালে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান ও মিলাদ সীমিত করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শীতের সময় বিয়েশাদি হয়, এটা সীমিত করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেটা হয়, মিলাদ এগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে করতে হবে। পিকনিক হয়, কক্সবাজারে লাখো মানুষ গাদাগাদি করে হাঁটছে দেখলাম। এগুলো করলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে বিশ্বের অনেক দেশেই আবার লকডাউন দিচ্ছে। মৃত্যুর হার ১০ ভাগের বেশি হয়ে গেছে। আমরা চাই না আমাদের এখানেও এমন কিছু হোক। স্বাস্থ্যখাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও কোভিড-১৯ নিয়ে কাজ শুরু করেছে। কাজেই কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হলেও জনমনে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। অল্প দিনের মধ্যে জানা যাবে, বাংলাদেশের ভ্যাকসিনের ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও অনুমোদন পেয়ে গেছি। ভ্যাকসিন যেটা প্রয়োজন হবে, ভালো হবে সেটার ব্যবস্থা আমরা করব।
বার্তাবাজার/কে.জে.পি