তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।
জানা যায়, ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পরে কন্যাশিশু এলিফকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর তাকে জরুরিভাবে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছিলেন। এর আগে, শনিবার এলিফের মাসহ তার দুই বোন এবং ভাইকে ধ্বংসস্তূপে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু পরে তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভয়াবহ এই কম্পনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এক দশক ধরে এমন ভূমিকম্প এর আগে হয়নি দেশটিতে। শুক্রবারের ভূমিকম্প সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছিল। ইজমিরের ৮টি বিল্ডিংয়ে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত ছিল। যেখানে প্রায় ৮৩ জন মারা গিয়েছিল। এছাড়া গ্রিক দ্বীপ সামোসেও ২ কিশোর নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ আরো জানায়, ইজমিরে মোট ৯৯৪ জন আহত হয়েছেন এবং প্রায় ২২০ জনকে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি