ফের ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন! আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করবেন দেশের ভোটদাতারা। পুরো বিশ্বের চোখ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। প্রেসিডেন্ট ছাড়াও সিনেটের কয়েকটি আসন এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা নিম্নকক্ষের সব আসনেও নির্বাচন হবে। ফলে হোয়াইট হাউজের পাশাপাশি সিনেট এবং নিম্নকক্ষ দখলের লড়াইও জমে উঠবে মঙ্গলবার।
এখন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। আর ১৫ কোটি ভোটারের মধ্যে এরই মধ্যে আগাম ভোট পড়েছে সাড়ে ৯ কোটির বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার লাগাম টেনে ধরে রাখতে কাজ করে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
কয়েকটি প্রাক নির্বাচনী সমীক্ষায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতি অঙ্গরাজ্যে ২ জন করে সিনেটর রয়েছেন। আর এই সিনেট নির্বাচন ৩ ধাপে অনুষ্ঠিত হয়। ২ বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। এ বছর অনুষ্ঠিত হচ্ছে সিনেট ক্লাস-টু-এর নির্বাচন। এবার অ্যারিজোনা ও জর্জিয়ায় দু’টি শূন্য আসনসহ মোট ৩৫টি আসনে সিনেট নির্বাচন হচ্ছে। জো বাইডেন এগিয়ে থাকলেও তাকে অবশ্য পাত্তা দিচ্ছেন না ট্রাম্প। করোনাকে যেভাবে মাছি মারার ভঙ্গিতে উড়িয়ে দিয়েছিলেন এবার নির্বাচনকেও সেভাবেই নিচ্ছেন। অন্তত প্রকাশ্যে সেটাই বলছেন।
২০১৪ সাল থেকে সিনেট রিপাবলিকানদের দখলে। ১০০ আসনের সিনেটে রিপাবলিকান সিনেটর ৫৩ জন। বাকি ৪৭ জন ডেমোক্র্যাটিক পার্টির। রিপাবলিকানদের বড় চ্যালেঞ্জ এখন সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। অন্যদিকে, ডেমোক্র্যাটরা মরিয়া রিপাবলিকানদের আসন কেড়ে নিতে।
জনমত জরিপে ৩৫টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা, ১৫টিতে রিপাবলিকানরা। বাকি আটটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই আট আসনই এখন রিপাবলিকানদের দখলে।
এক সংবাদসংস্থার করা সমীক্ষা অনুযায়ী বাইডেনের জেতার সম্ভাবনা অন্তত ৫১ শতাংশ। অন্য অনেক সমীক্ষাতে বাইডেন এতটাই এগিয়ে যে ২০০৮ সালের পর বিপক্ষ প্রার্থী এতটা এগিয়ে থাকেননি।
বার্তাবাজার/কে.জে.পি