বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেণ্টে খেলা অনিশ্চিত মাশরাফির

নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিলো বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। হামস্ট্রিং ইনজুরি তার ফেরার পথে বাঁধা হয়ে দাড়িয়েছে। যার ফলে টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাশরাফির ফেরা এখন অনিশ্চিত।

গত ১৬ অক্টোবর সিটি ক্লাব মাঠে ব্যক্তিগত অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মাশরাফি। তবে এখনো স্ক্যান না করানোর কারণে তার ইনজুরির আসল অবস্থা বুঝা যাচ্ছে না। যদিও স্ক্যানের জন্য বিসিবির চিকিৎসক ও ফিজিওর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছিল মাশরাফিকে।

চলতি বছরের মার্চে অধিনায়কত্ব ছাড়ার পর আর কোন ম্যাচে খেলেননি মাশরাফি। মেয়ে হুমাইরা মর্তুজা ও ছেলে সাহেল মর্তুজার করোনায় আক্রান্ত হবার কারণে বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন মাশরাফি।

মাশরাফির ইনজুরির অবস্থা নিয়ে কোন ধারনা নেই বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।তিনি বলেন, ‘আমরা মাশরাফিকে স্ক্যান করার পরামর্শ দিয়েছি। কিন্তু সে এখন বাসা থেকে বের হতে পারছে না। আমরা তাকে কিছু সময় দিয়েছি। তবে আমি শুনেছি, তার ব্যথা কমছে।’

তবে টুর্নামেন্ট শুরুর আগে মাশরাফি পুরোপুরি সুস্থ হতে পারবেন কি-না তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার জানান, টুর্নামেন্টে খেলতে হলে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সকল খেলোয়াড়ের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

তিনি বলেন, ‘আমি শুনেছি, খুব শীঘ্রই স্ক্যান করাবেন মাশরাফি।তার স্ক্যান রিপোর্ট হাতে পাবার পর, চিকিৎসকরা পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন। হাতে এখনো কিছু সময় রয়েছে। যদি তার ফিটনেস ভালো থাকে, তবে তার খেলতে কোন সমস্যা নেই।’

ড্রাফটে থাকা ৭৫ খেলোয়াড়কে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখানে জাতীয় দলের খেলোয়াড়, এইচপি, অনূর্ধ্ব-১৯ ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা থাকবেন।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর