টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক খান ফজলুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঘাটাইলের আঠারদানা গ্রামের মৃত ইলিয়াস খন্দকারের ছেলে আতা খন্দকার (৫৮) ও মধ্যকর্না গ্রামের সলিমুদ্দিনের ছেলে হায়দার রাহমান (৬০)।
মামলার অভিযোগপত্র এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত নয়টার দিকে যুগান্তর পত্রিকার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক খান ফজলুর রহমান (৫০) ঘাটাইল উপজেলার মূল ফটকের সামনে হবিবরের ফাস্ট ফুডের দোকানে সহকর্মীদের নিয়ে চা পান করছিলেন। এ সময় উপজেলার আঠারদানা গ্রামের আতা খন্দকার এবং মধ্যকর্না গ্রামের হায়দার রাহমান ঘটনাস্থলে এসে অতর্কিতভাবে ষ্টীলের জি-য়াই পাইপ দিয়ে এলোপাথাড়ি প্রকাশ্য পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে তার সহকর্মী ও আশেপাশের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে।
রোববার (১ নভেম্বর) রাতেই যুগান্তর ঘাটাইল উপজেলা সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে আতা খন্দকার ও হায়দার রাহমানের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। রাতেই তাদেরকে গ্রেফতার করা হয় পরে সোমবার সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।
ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত দুজনকেই গ্রেফতার করে সকালে কোর্টে চালান করে দেয়া হয়েছে।
বার্তা বাজার/ডি.এস