তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস তিন কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে প্রায় আটশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয় এবং তিন কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপলাইন তুলে ফেলা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ তুলে জব্দ করা হয়।
প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আজ (সোমবার) আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া বেঙ্গলের মোড়, শিকদারবাগ ও পালোয়ানপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কিরেছি। এখানে একটি অসাধু চক্র আমাদের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। আজকের (সোমবার) অভিযানের দ্বারা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আনুমানিক তিন কিলোমিটারব্যাপী অবৈধ পাইপলাইন উচ্ছেদ হয়েছে, তাতে আনুমানিক আটশো বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
এভাবে বারংবার একই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা দ্বারা ইতিবাচক কোনো ফলাফল আসছে কিনা?- গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আগের চেয়ে অবৈধ সংযোগ প্রদানের হার অনেক কমেছে। আর বাংলাদেশ গ্যাস আইনে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বিধায় অবৈধ গ্যাস সংযোগকারী চক্র আগের চেয়ে সতর্ক হয়ে এই অবৈধ কাজে সম্পৃক্ত হচ্ছে, এটাও এই অভিযানের একটা ইতিবাচক দিক।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের এই ব্যবস্থাপক।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, সহ-কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক জুয়েল রানা এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/ডি.এস