অবৈধ পথে মিয়ানমার থেকে পাচারকালে ৪৭১ ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার) কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির সদস্যরা ঘুমধুম সীমান্ত সংলগ্ন বালুখালী এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
আটক ব্যক্তি উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কবির আহমদের ছেলে মো. কলিম। বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জওয়ানরা অভিযান চালিয়ে মো. কলিমকে আটক পরবর্তী তার শরীরে তল্লাশী চালিয়ে লুঙ্গির ভাজে রাখা ৩১টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ মোট ৪৭১ ভরি বার্মিজ স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৮ শত ৬৯ টাকা বলে জানায় বিজিবি।
রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
কেএস/বার্তাবাজার