ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এর আগে, দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর পল্টন মোড় থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন হেফাজতের শীর্ষনেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী।
দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি বেইলি রোড়ের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে হেফাজতের নেতারা সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে, বেলা ১১টা থেকে পূর্বঘোষিত এই কর্মসূচিতে হেফাজত নেতা-কর্মী-সমর্থকরা পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে। এর আগে ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে জড়ো হতে শুরু করে।
বেলা ১১টায় বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এতে বিজয়নগর, প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেয়া হয়। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানান। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়ারও দাবি জানান তারা।
বার্তাবাজার/অমি