কলেজছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় আটক ২

হবিগঞ্জে এক কলেজছাত্রকে হাত-পাঁ বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে মূলহোতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১ নভেম্বর) রাতে বাহুবল থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো: বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের মূল অভিযুক্ত সালাউদ্দিন (৫২) ও মঈন উদ্দিন (৪০)।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, হবিগঞ্জে এক কলেজছাত্রকে হাত-পাঁ বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। শনিবার রাতে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের দ্বিমুড়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের পর তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে নির্যাতনকারীরা। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ওই কলেজছাত্রের নাম ফয়সল আহমেদ। সে উপজেলার হাঁসারগাঁও গ্রামের আছান উল্লার ছেলে ও সরকারি বৃন্দাবন কলেজে গণিত বিভাগে অনার্সের ছাত্র।

রোববার (১ অক্টোবর) তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেমিকার বাড়ির আত্মীয়-স্বজনরা তাকে নির্যাতন করছেন। এ সময় তিনি বাঁচতে আকুতি-মিনতি করছেন, তবে কেউ তার প্রতি দয়া দেখাননি।

খবর পেয়ে বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক ফয়সলের বাড়িতে খবর দিয়ে তাকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর