লাদেনের সাক্ষাৎকার নেয়া সাংবাদিকের মৃত্যু

আল কায়েদার তৎকালীন নেতা ওসামা বিন লাদেনের ৩ বার সাক্ষাৎকার নেয়া প্রবীণ ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্ট শহরের মেডস্টোনে জন্মগ্রহণ করেন এই খ্যাতনামা সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে এই সাংবাদিককে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রবার্ট ফিস্কের মৃত্যুতে রোববার গভীর শোক প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস।

১৯৯০ এর দশকে তিনি আল কায়েদার তৎকালীন নেতা ওসামা বিন লাদেনের ৩ বার সাক্ষাৎকার নিয়েছেন। ১৯৯৩ সালের প্রথম সাক্ষাৎকারে তিনি ওসামাকে লাজুক ব্যক্তি বলে উল্লেখ করেছেন।

১৯৯৪ সালে মার্কিন সাংবাদিক লারা মারলোয়েকে বিয়ে করেন রবার্ট ফিস্ক। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের কোনো সন্তান নেই। সামাজিক মাধ্যমে বিভিন্ন দেশের সাংবাদিকরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর