কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আব্দুল গফুরের (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ।
রবিবার (২ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় পারিবারিক কলহের জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার অভিযোগে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গতকাল রাতে কাশিমপুর কারাগারে এ রায় কার্যকর করা হয়।
বার্তাবাজার/অমি