চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের সামনে ছাত্রলীগ নেতা রিগান ও কৃষকলীগ নেতা মহসিন রেজাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) রাত ১১টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি প্রার্থী ও মহসিন রেজা জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে রিগান ও তার মামা মহসিন মোটরসাইকেলযোগে হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে অজ্ঞাত ৬/৭ জন তাদের গতিরোধ করে। রিগানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সাথে থাকা তার মামা ও কৃষকলীগ নেতা মহসিনকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ কাজ শুরু করেছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর