সাংবাদিক সরওয়ার বলছিল ‘আমাকে মাইরেন না, আর নিউজ করব না’

চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরওয়ারকে তিন দিন পর সীতাকুণ্ডের কুমিরা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পাড়ে তাঁকে পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানান, তারা উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি এসে পুলিশকে জানান। পরে পুলিশ এসে সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় অচেতন কন্ঠে সরওয়ার বলছিল ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন জানান, সন্ধ্যার কোনো একসময় গোলাম সরোয়ারকে জঙ্গলে কে বা কারা ফেলে যান। বাজারের এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে সেদিকে গিয়ে গোঙানির শব্দ শুনতে পান। কাছে গিয়ে ওই ব্যক্তি গোলাম সরোয়ারকে দেখতে পান। পরে তাঁকে (চেয়ারম্যান) খবর দেওয়া হয়। তিনি পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী গোলাম সরোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি চট্টগ্রাম নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর