হবিগঞ্জে এক কলেজছাত্রকে হাত-পাঁ বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। শনিবার রাতে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের দ্বিমুড়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের পর তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে নির্যাতনকারীরা। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার ওই কলেজছাত্রের নাম ফয়সল আহমেদ। সে উপজেলার হাঁসারগাঁও গ্রামের আছান উল্লার ছেলে ও সরকারি বৃন্দাবন কলেজে গণিত বিভাগে অনার্সের ছাত্র। রোববার (১ অক্টোবর) তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১০টায় দ্বিমুড়া গ্রামে আব্দুল হাই ও তার লোকজন ফয়সলকে আটকে রেখে দুই ঘণ্টা ধরে মারধরের পর ফয়সলের হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। পরে রাত ১২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়।
https://www.facebook.com/Bartabazarbd/videos/730456191013684/
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, নির্যাতনকারীরা জানিয়েছেন শনিবার রাত ১০টায় আব্দুল হাইয়ের বাড়ির গেটে এসে ডাকাডাকি করেন ফয়সল। সেসময় চোর ভেবে তাকে মারধর করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে ফয়সল ও আব্দুল হাইয়ের মেয়ে লিজা আক্তার একই কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। লিজার সঙ্গে দেখা করতে আসায় তাকে নির্যাতন করা হয়েছে। এর আগেও একবার সে লিজাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিল।
ওসি আরও জানান, দ্রুত থানায় অভিযোগ দেওয়ার জন্য নির্যাতনের শিকার কলেজছাত্রের পরিবারের সদস্যদের বলা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস