যমুনায় ইলিশ মাছ ধরায় ২৩ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৩ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলার বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, শনিবার রাতব্যাপী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২৩ জনকে আটক, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে ২৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর