মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইঁদুর মারার বিষ খেয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে আরো ৩ শিশু। আজ রবিবার দুপুর ২ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে
জানা যায়, স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী সামছুউদ্দিন (৫০) ভাঙ্গারী মালামাল ক্রয় করে নিজ বাড়ীতে রেখে অন্যত্র গেলে তার ভাঙ্গারীর সাথে থাকা ইঁদুরের বিষকে আচার মনে করে ফুরশাইল গ্রামের মো.রিয়াদ হোসেনের ছেলে সাব্বির (৩) এবং তার ভাই রাব্বি (৬) একই গ্রামের চান্দু মিয়ার ছেলে সিফাত (৫), ইমন হোসেনের ছেলে কাউছার (৫) এই ৪ জন ভাগ করে খেয়ে ফেলে। এতে ৪ জনই গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠালে পথেই সাব্বির মারা যায়। বাকী ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নানা আজাদ মিয়া বলেন, আমার নাতী সাব্বির মারা গেছে। বাকী ৩ জনের অবস্থা ভালো না। তাঁরা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, আমাদের এখানে ৪ জন শিশুকে নিয়ে আসছিল। অবস্থা ভালো না বিধায় আমি ঢাকায় পাঠিয়েছি ।
মালখানগর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, ভাঙ্গারী ব্যবসায়ী সামছুদ্দিনসহ তারা সবাই ফুরশাইল গ্রামের মোতালেব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। তাদের বাড়ী বিভিন্ন জেলায়।
বার্তা বাজার / ডি.এস