বিএনপি অপরাধীদের নিয়ে গেইম খেলছে: ভূমিমন্ত্রী

বিএনপি অপরাধীদের নিয়ে গেইম খেলছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রবিবার (১ নভেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ), বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ একটি জনবহুল দেশ তার পরেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী জানান, বর্তমান সরকার কোন অপরাধীকে ছাড় দেয় না, সবাইকে আইনের আওতায় আসতে হবে এবং অন্যায় করে কেউ পার পাবে না।

ভূমিমন্ত্রী বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে এটা দুঃখজনক। তবে বিএনপি অপরাধীদের গ্রেফতারের বিষয়ে সহযোগিতা না করে তাদেরকে উস্কে দিচ্ছে এবং তারা (বিএনপি) অপরাধীদের নিয়ে গেইম খেলছেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরও বলেন, দেশে কেউ সরকারী জমি দখল করতে পারবে না, কেউ দখল করলে বা দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় কোন দুর্নীতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে দেশে আটটি জেলার নয়টি উপজেলায় অনলাইনে মানুষ খাজনা দিচ্ছে স্বাচ্ছন্দ মত। আগামী ২০২১ সালের জুলাই থেকে সারা দেশে অনলাইনে খাজনা নেওয়া পূনরায় শুরু হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এ টি এম নাসির মিয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক তসলীমুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ৪২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে বিসিএস এর চারটি ক্যাটাগরির ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন বলে জানা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর