ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (স) এর অবমাননার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) ববি শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শ্যূরা সদস্য মুহাম্মাদ মাহবুব হোসেন বলেন, “বেশ কিছুদিন পূর্বে ফ্রান্সের সার্লি এবদো ম্যাগাজিন এর পক্ষ থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করলে ফ্রান্স সহ বিশ্বের মুসলমানরা এর বিরোধিতা করে। সেক্যুলার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বলেন, বিশ্বে মুসলিম ধর্ম-সংকটময় ধর্ম। বিশ্বের দরবারে ইসলাম ও ফোবিয়া উস্কে দিয়ে আন্দোলনকারীদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্রীয় ভাবে প্রিয় নবী (সা) কে কটাক্ষ করা শুরু করেছিল ফ্রান্স সরকার।
বিক্ষোভ সমাবেশ থেকে একটি বিষয় স্পষ্ট করা দরকার যে, ফ্রান্স সরকার মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে যখন খেলা করে, তখন বাংলাদেশ সরকার এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে, কোনো বিবৃতি প্রদান করে না। আমরা বাংলাদেশ সরকারকে বলব, অনতিবিলম্বে ফ্রান্স ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার না করলে, সংসদে নিন্দা প্রস্তাব পাশ না করা হলে, এদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে এর দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
ববি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলব, আপনাদের মনে রাখতে হবে ঐতিহাসিক ভাবে আমরা যেমন বাঙালি, তেমনি ধর্মের দিক থেকে আমরা মুসলমান, তাই মহানবী (স) ইস্যুতে কোন কথা না বলে চুপ থাকা সচেতন মানুষের কাজ নয়।”
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. তৌহিদ বাশার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শ্যূরা সদস্য মুহাম্মাদ মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রাজন শিকদার।
আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি আব্দুর রহীম, ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশণা সম্পাদক গাজী রেদোয়ান, ববি শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, সহ-সভাপতি মুহাম্মাদ শাহীন মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাসিবুল হোসেন, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মনিরুজ্জামান, দফতর সম্পাদক মুহাম্মাদ খালিদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু রায়হান, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলামসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বার্তাবাজার/অমি