কুষ্টিয়ায় গৃহবধূকে গলায় ছুরি ধরে ঘরে নিয়ে ধর্ষণের দায়ে মো. জুয়েল (৩২) নামে এক আসামির যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
আজ রবিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. জুয়েল কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী ওই নারী গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে গলায় ছুরি ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন জুয়েল। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে সাক্ষীরা টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষক জুয়েল পালিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষী-প্রমাণ শেষে আজ রবিবার সকালে আদালত আসামি জুয়েলকে এই সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি জুয়েল আদালতে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি