ফরিদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরধরে বিথী বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিথী বেগম ওই গ্রামের রাজমিস্ত্রি জহির উদ্দিন মোল্যার স্ত্রী। মৃত বিথী বেগম অমৃতনগর গ্রামের বকু মোল্যার মেয়ে। দু’বছর আগে চাচাতো ভাই জহির উদ্দিন মোল্যার সাথে তার বিয়ে হয়।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার রাতে বিথী বেগম রান্নাঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার স্বামী বিষয়টি টের পেয়ে ঝুলন্ত অবস্থায় থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শুভ তাকে মৃত ঘোষণা করে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ‘ঘটনা জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে মৃতদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর