ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ক্লাসে কার্টুন প্রদর্শন করায় এক শিক্ষকের শিরচ্ছেদের ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার মধ্যেই এবার একই ঘটনার দায়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একজন স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এমন কাণ্ড করায় গত শুক্রবার (৩০ অক্টোবর) স্কুলটির কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে ইসলামের নবীর (সা.) যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল ওই শিক্ষক তার একটি নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। একই সঙ্গে তিনি একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুলশিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।
পত্রিকাটি বেলজিয়ামের বরখাস্ত হওয়া স্কুল শিক্ষকের নাম প্রকাশ করেনি। তবে তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর ২ থেকে ৩ জন স্কুল শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। মূলত এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন স্কুলটিতে তার চাকরি থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দেশটির আদালত।
অভিযোগ দায়েরকারী শিক্ষার্থীদের পরিবারের বরাতে বেলজিয়ামের লা লিবরে পত্রিকা জানিয়েছে, ওই স্কুল শিক্ষক ক্লাসে একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসেন এবং সেখান থেকে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুনগুলো একের পর শিক্ষার্থীদের প্রদর্শন করতে থাকেন। একই সঙ্গে তিনি একথাও বলেন, যারা এসব দেখতে চায় না তারা যেন মাথা নিচু করে থাকে।
বার্তাবাজার/কে.জে.পি