মাটিরাঙ্গার গোমতি নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মো. আবুল গাজী (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার কাঁধে থাকা নাতি মো. শাহাদাত হোসেন (১০)।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোমতি নদীতে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল গাজী মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে মো. কামাল হোসেন জানান, সকালের দিকে তার ছেলে মো. শাহাদাতকে সঙ্গে নিয়ে গোমতির নদীর ওপারে বাংলাটিলা এলাকায় জমি দেখতে যান বাবা মো. আবুল গাজী। জমি দেখা শেষে ফেরার পথে নাতিকে কাঁধে নিয়ে গোমতি নদী পার হওয়ার সময় স্রোতে তলিয়ে যান মো. আবুল গাজী। এ সময় তার ছেলে ভাগ্যক্রমে বেঁচে গেলেও প্রায় দুই কিলোমিটার দূরে গোমতি ব্রিজের পাশ থেকে স্থানীয়রা মো. আবুল গাজীর মরদেহ উদ্ধার করে।
গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বলেন, ‘হঠাৎ গোমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে ডুবে মারা যান মো. আবুল গাজী।’
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী।
বার্তাবাজার/অমি