সিলেটে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে প্রধান আসামি করে বিএনপির ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে এ মামলা দায়ের করে।

সরকারি কাজে বাধা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি বহনকারী পিকআপ গাড়ি ভাঙচুর এবং হামলার অভিযোগে এ মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, ‘শুক্রবার রাতে মামলা হয়েছে। শনিবার (৩১) মামলাটি নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন->> ১৭ বছর পর নির্বাচন: ৩৮৫ ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির প্রার্থী

প্রসঙ্গত, সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর ধরে দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ৩ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৭৮১ ভোট।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর