রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন আর পাওয়া যায় না। তাদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শনিবার) নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
এসময় মন্ত্রী বলেন, বর্তমানে বিএনপির রাজনীতি ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা শুনলেই বিএনপির গাত্রদাহ হয়। আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, পঁচাত্তরের খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে, তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়া ভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহতো হবেই।
কেএস/বার্তাবাজার