শরীয়তপুর সদর উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে সায়েদ ব্যাপারী (৩০) নামে এক বিক্রেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও ২ শিশু। নিহত সায়েদ ব্যাপারী উপজেলার তুলাসার ইউনিয়নের দড়িওয়ালা গ্রামের বাসিন্দা। আজ (শুক্রবার) বিকালে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো বেলুন বিক্রেতার ছেলে জাহিদ হাসান (১১)। জাহিদ ৪৪ নম্বর চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং ডোমসার ইউনিয়নের ডোমসার গ্রামের দেলোয়ার মাদবরের ছেলে সিয়াম মাদবর (৫)।
জানা যায়, নিহত সায়েদ ব্যাপারী দীর্ঘদিন ধরে গ্যাস বেলুনের ব্যবসার সাথে সম্পৃক্ত। শুক্রবার বিকালে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডোমসার শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। সেই মাঠের দক্ষিণ-পূর্ব কর্নারে বেলুন বিক্রি করছিলেন সায়েদ ব্যাপারী। একপর্যায়ে তার বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে মারা যান সায়েদ। গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে।
বার্তাবাজার/এসজে