ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাভার উপজেলা শাখা।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা সাভার সিটি সেন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।
ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে এবং মুফতি আমীনুল ইসলাম কাসেমী ও মুফতি আলী আকরামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা কাওসার হোসাইন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে কোন অপকর্ম করলে রাষ্ট্রীয়ভাবেই এর প্রতিবাদ হওয়া উচিৎ। কিন্তু ৯০ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে এখনো কেন সরকারিভাবে কোন প্রতিবাদ করা হয়নি, তা আমাদের বোধগম্য নয়।নবীজীর অবমাননা কোনভাবেই বরদাশত করা হবে না। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস থাকুক এব্যাপারটা দেশের একজন মুসলমানও চায় না। ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহবান জানান তারা।
বক্তারা এসময় বিভিন্ন আরব রাষ্ট্র ফ্রান্সের পণ্য বয়কট করেছে উল্লেখ করে ফ্রান্সের যেকোন পণ্য বাংলাদেশে চলবে না সরকারীভাবে এই ঘোষণার দাবী করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের একটি বিক্ষোভ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিটি সেন্টারের সামনে দিয়ে শিমুলতলা এবং পাকিজা হয়ে আবার সিটি সেন্টারের সামনে এসে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে সাভারের বিভিন্ন এলাকায় মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/অমি