এখন পান ও চায়ের দোকানিও সাংবাদিক: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা এখন দেখছি সাংবাদিকতায় সিক্স পাস করে, হকারি করেও আসছে। এখন সাংবাদিক পরিচয় দিচ্ছে পান ও চায়ের দোকানিও। ফেসবুক চালায়, সেও মোটরসাইকেলের সামনে প্রেস লাগিয়ে ঘুরছে। সাংবাদিক লেখা গাড়ির ছড়াছড়ি রাস্তায় বের হলেই দেখাযায়। আসলে ভুয়া সাংবাদিকই বেশিরভাগ।’
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ আরও বলেন, মফস্বলের বিভিন্ন কর্মসূচিতে আমি যখন অংশ নিই, সেখানে অভিযোগ করেন অনেকেই করে বলেন, স্যার, কতটুকু যোগ্যতা থাকতে হবে সম্পাদকদের। নির্ধারিত যোগ্যতা না থাকায় যে কেউ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।’
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জান, সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শাহ আলম, জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী প্রমুখ।
বার্তা বাজার/কে.কে