র্যাব-৪ অভিযান চালিয়ে সাভারের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ নিজামুদ্দিন সরদার ওরফে মিজান (৩০) কে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মেজর এ.এইচ.এম আদনান তফাদার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই এলাকা হতে সাভারের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত ২১ অক্টোবর, ২০২০ তারিখ সাভারে একটি ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে এবং উক্ত ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বিবাদী মোঃ নিজামুদ্দিন সরদার ওরফে মিজান এর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা দায়ের করেন। পরে উক্ত মামলার অন্য আসামী মোঃ শরীফ এর সহযোগিতায় মোঃ নিজামুদ্দিন সরদার ওরফে মিজান কৌশলে ভুক্তভোগীকে তার বাড়ীতে নিয়ে যায় এবং এ লোমহর্ষক ধর্ষণের ঘটনা ঘটায়। ধর্ষিত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পাওয়া যায় বলে ডাক্তারী রিপোর্ট প্রদান করেন।
পরবর্তীতে উক্ত ধর্ষণের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে র্যাব-৪ এর একটি চৌকস গোয়েন্দা দল উক্ত এজাহারভুক্ত পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে।
এব্যাপারে, র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী পেশায় একজন গাড়ীচালক। গ্রেফতারকৃত আসামী তার কৃত অপরাধ ধর্ষণের কথা স্বীকার করে এবং তাকে সাভার মডেল থানায় হস্তাান্তর প্রক্রিয়াধীন।
অদূর ভবিষ্যতে এইরকম অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/অমি