গাজীপুর মহানগরীর নাওজোড়ে একটি সোয়েটার কারখানায় জ্যাকার মেশিন বসানোকে কেন্দ্র করে কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
এ সময় তারা পার্শ্ববর্তী কোস্ট টু কোস্ট নামে অপর একটি কারখানায় ভাঙচুর করেন। একইসঙ্গে বেশ কিছু গাড়ির কাঁচও ভাঙচুর করেন তারা। ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় শ্রমিক ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ বুধবার সকালের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিক, পুলিশ ও স্থানীয়রা জানান, দিগন্ত সোয়েটার কারখানায় জ্যাকার মেশিন বসানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সম্প্রতি ছাঁটাই আতঙ্ক দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য পরিকল্পিতভাবে মেশিনপত্র তছনছ করেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে তারা আন্দোলনে নামেন।
বাসন থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দিগন্ত সোয়েটার কারখানার মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলার কারণে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বার্তাবাজার/অমি