পঞ্চগড় সদর উপজেলায় চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন তিনি।
বিকেলে তিনি পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট বাজার দ্বিতল গ্রামীণ বাজার ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রস্তাবিত চারতলা বিশিষ্ট এই বাজার ভবনের প্রাথমিক পর্যায়ে এক কোটি ৭৮ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে দ্বিতল বাজার ভবন নির্মাণ করা হবে।
পরে পিইডিপি-০৪ প্রকল্পের অধীনে প্রায় ৯৭ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত ভবন নির্মাণ কাজ, প্রায় ১ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে হাড়িভাসা-মডেলহাট বিসি থেকে পুকুরীডাঙ্গা ভায়া ঝাকুয়াপাড়া পর্যন্ত ১ হাজার ২৩৩ মিটার রাস্তা নির্মাণ ও ৫৭ লাখ ৮৭ হাজার টাকা টোকাপাড়া-ইয়ারপাড়া পর্যন্ত ৫৬৫ মিটার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে এসব উন্নয়ন কাজের উদ্বোধনের সময় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন সাংসদ।
এ সময় সাংসদ মজাহারুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই সরকারের সময়ে গ্রাম হয়ে উঠবে শহর। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন হয় এটাই তার প্রমাণ। এ সময় তিনি সরকারের সকল উন্নয়ন কাজ বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করেন।
পঞ্চগড় সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/ডি.এস