স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য আল মামুন ও তার শ্বশুর মিলন সরকারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে। আর এ ঘটনায় আজ (সোমবার) দুপুরে তাদেরে গ্রেপ্তার করে গজারিয়া থানা পুলিশ।
আল মামুনের বাড়ি বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি গ্রামে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ওই স্কুলছাত্রের বাবা আলম বেপারীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার চরবাউশিয়া বড় কান্দি গ্রামের তামিম হোসেন (১৭) স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করেন। ইউপি সদস্য আল মামুনের শ্যালিকার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যান মামুন। ওই ইউপি সদস্য টের পেয়ে তামিমকে ধরে ৪-৫ জন একসাথে মারধর করেন। মারধরের এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেলে তামিমকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ইউপি সদস্যের দাবি, তামিম ডাকাতির উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার শ্যালিকার শ্লীলতাহানীর চেষ্টা করে। এজন্য যৌন হয়রানির অভিযোগ এনে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তবে এ বিষয়টি অস্বীকার করে তামিম হোসেন বলেন, ’মামুন মেম্বারের স্ত্রী ও আমার মোবাইলের কললিস্ট এবং এসএমএস চেক করলে বিষয়টা পরিষ্কার হবে। ডাকাতির উদ্দেশ্যে নয়, প্রেমিকার সঙ্গে দেখা করতেই গিয়েছিলাম।’
কেএস/বার্তাবাজার