লালমনিরহাটের হাতীবান্ধায় বোরকা পরিহিত অবস্থায় পূজামণ্ডপে ‘সিজদা’ দেওয়ার সময় আলেয়া (৪০) নামের এক নারীকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ওই নারী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারুন মিয়ার স্ত্রী।
শনিবার (২৪) রাতে উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দির থেকে তাঁকে আটক করে। প্রাথমিকভাবে জানা যায় তিনি মাজার তরিকার ভক্ত।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দিরে পূজা চলাকালীন ‘সিজদা’ দেওয়া শুরু করে আলেয়া নামের বোরকা পরিহিত ওই নারী। এমনকি যারা ঢোল-তবলা বাজায়, তাদের সঙ্গে উল্টাপাল্টা আচরণও শুরু করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পাশে অবস্থানরত আনসার ও ভিডিপি টহলদল খবর পেয়ে মন্দিরে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ওই নারীকে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হকের জিম্মায় দেওয়া হয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।
বার্তাবাজার/এসজে