এমপিরা পাচ্ছেন ল্যাপটপ ও প্রিন্টার

জাতীয় সংসদের ৩৫০ সদস্যকে ল্যাপটপ ও প্রিন্টার দিচ্ছে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় তাদেরকে মন্ত্রণালয়টি এইসব ডিভাইস দিচ্ছে। দাপ্তরিক কাজের জন্য তারা পাবেন এইচপি এলিট বুক এবং লেজার জেট প্রো মডেলের প্রিন্টার।

এর আগে নবম সংসদে প্রথম ‘মাননীয় সংসদ সদস্যগণের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্ট্রানেট এপ্লিকেশন তৈরির কর্মসূচি’ শীর্ষক এক প্রকল্পের আওতায় সংসদ সদস্যের জন্য ল্যাপটপ কেনা হয়। তবে তা কেউ পাননি।

প্রকল্পটির আওতায় ২০১১ সালে কেনা ল্যাপটপ ২০১৪ সালে দশম সংসদের সংসদ সদস্যদের দেওয়া হয়। সংসদের মেয়াদ শেষ হলে সেগুলো ফেরত দেওয়ার শর্ত দেওয়া হলেও পরে তা নেয়া হয়নি।

সংসদ সচিবালয়ের আইটি বিভাগের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল বলেন, সংসদ সদস্যসের জন্য সব ল্যাপটপ ও প্রিন্টার এখনও পাইনি আমরা। পর্যায়ক্রমে এগুলো পাব।

সংসদ সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এমপিদের কাছে ল্যাপটপ আর প্রিন্টারের চাহিদাপত্র চাওয়া হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর