সাভারে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকার সাভার থেকে মোস্তাফিজুর নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রক্তাক্ত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন দেন। পরে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের অনতিদূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয় পত্র।

স্থানীয়দের ধারণা দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়ে ওই যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল।

এব্যাপারে ঘটনাস্থলে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা শিমুলতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র পাওয়া যায়। তবে প্রথমিকভাবে পুলিশের ধারনা, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করতে পারে। মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, নিহতের মরদেহের পাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র পাওয়া গেছে। সেই পরিচয় পত্রের সূত্র ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ওই যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

সে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওপাড়ায় এলাকার মজিবুর রহমানের ছেলে। ঘাতকদের সনাক্ত করতে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর