রাজধানীতে বুকে ছুরি মেরে যুবককে হত্যা

রাজধানীর মিরপুরে রিপন (২৬) নামের যুবককে ছুরি মেরে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্যরা। শুক্রবার রাতে মিরপুর বড় মসজিদের কাছে এই ঘটনা ঘটে। নিহত রিপন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে।

তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, এক নারী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাতে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বিস্তারিত আর কিছুই বলতে পারেনি ওই নারী। শুধু এ কথাই বলেছে, মিরপুর বড় মসজিদের সামনে রিপনকে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, হাসপাতাল থেকে খবর পেয়েছি, একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত এখনও কিছু জানতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, খবর পেয়ে রিপনের বড়ভাই একরামুল হক হাসপাতালে ছুটে আসে। তিনি জানান, রিপন কারওয়ানবাজার খ্রিস্টানপাড়া এলাকায় থাকতো। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতো। রিপন কেন মিরপুর গিয়েছে তা জানি না। শুনেছি এক নারী রক্তাক্ত অবস্থায় রিপনকে হাসপাতালে নিয়ে এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর