বিয়ের সাতদিনের মাথায় নববধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের সাতদিনের বিষপানে আত্মহত্যা করেছেন মাথায় মুক্তা আক্তার (১৮) নামে এক নববধূ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নববধূ মুক্তার মরদেহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণ বিলপাড় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ওই এলাকার মুক্তার হোসেনের মেয়ে মুক্তা আক্তার এবং একই এলাকার আল-আমিনের স্ত্রী।

মুক্তার মা রহিমা বেগম জানান, এক সপ্তাহ আগে পারিবারিকভাবে একই এলাকার আল-আমিনের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরেই চলছিল মনোমালিন্য। আর তাই দুইদিন আগে স্বামীর বাড়ি থেকে মুক্তা বাবার বাড়ি আসে।

গতদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সবার অজান্তে কোন এক সময় মুক্তা বিষাক্ত কিছু সেবন করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় মুক্তাকে। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে মুক্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ঢাকা নিয়ে যাওয়ার সময় মুক্তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদ বলেন, নববধূ মুক্তা পারিবারিক কলহের জের ধরে বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর