নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে। উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে নিযার্তিতা ছাত্রীকে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রায়পুরা থানায় এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতি শাকিলসহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।
পুলিশ ও নিযার্তিতার পারিবারিক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে শাকিল ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। এসময় ওই ছাত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কৌশলে পালিয়ে যায় ছাত্রলীগ সভাপুত শাকিল। পরে ৯৯৯ কল করে রায়পুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।
ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের ওপর ছাত্রলীগ নেতা শাকিল অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের হেফাজতে রাখা হয়েছে ওই ছাত্রীকে।
বার্তা বাজার/কে.কে