গোপালগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় নিহত হয়েছে তাসফিয়া (৩) নামে এক শিশু । এ সময় ওই শিশুর ভাই রাব্বি সিকদার (৬) গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ও আহত রাব্বি সিকদার ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে-মেয়ে।
ঘাতাক পিকআপ ভ্যানের ড্রাইভার ইমরান মোল্লাকে (১৮) আটক করেছে পুলিশ। ইমরান মোল্লা গাজীপুর জেলার মৌচাক এলাকার আমীর হামজার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাইম জানিয়েছেন, গাজীপুর থেকে বাগেরহাটগামী একটি পিকআপ ভ্যান ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চাঁন সিকদারের বসত ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে চাঁন মিয়ার শিশুকণ্যা তাসফিয়া মারা যায় এবং তার ভাই রাব্বি গুরুতর আহত হয়।
এলাকার স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। পরে আহত রাব্বিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবু নাইম আরো জানান, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
বার্তা বাজার/কে.কে