ময়মনসিংহ থেকে সৎ মা ও ভাইবোনের সাথে ঢাকায় এসেছিল স্মৃতিশক্তি হারানো মেয়ে সাদিয়া (১৩)। বাসে সে ঘুমিয়ে যাওয়ার সুযোগে তাকে ফেলেই সবাই চলে যান। গত শনিবার এই ঘটনা ঘটে। পরে সাদিয়াকে বাস থেকে নামিয়ে দেয় বাসের চালক ও চালকের সহকারী।
অসহায় কিশোরী সাদিয়া ঘুরতে ঘুরতে গিয়ে পৌছে বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে আফসানা নামের এক নারী তাকে পেয়ে নিজের আশ্রয়ে রাখে। পরদিন তিনি সাদিয়াকে নিয়ে ভাটারা থানায় উপস্থিত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরেরদিন ভাটারা থানার এসআই নূর ইসলাম শিকদার সাদিয়াকে ডিএমপির তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে আসেন। এখন সে সেখানেই আছে। ভাটারা থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে নুর ইসলাম শিকদার বলেন, ‘সাদিয়ার বাবার নাম বলেছে মাসুদ। মায়ের নাম বলেছে ফাতেমা। তবে মা-বাবা আর কেউ বেঁচে নেই বলেও সাদিয়া জানিয়েছে। সে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ বললেও নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। মনে হচ্ছে, স্মৃতিভ্রমে ভুগছে সে। মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে হয় মেয়েটিকে। অন্য কোনো রোগও থাকতে পারে। ঠিক সুস্থ-স্বাভাবিক কিশোরীর মতো না সে।’
তিনি আরও জানান, ‘আগামী রোববারের মধ্যে যদি পরিবারের কারো বা পরিচিত লোকের সন্ধান না মেলে তাহলে কিশোরীকে আদালতে মাধ্যমে সরকারের হেফাজতে দেওয়া হবে।’
পুলিশের পক্ষ থেকে, সাদিয়ার পরিবার বা তার আত্মীয়স্বজেনর খোঁজ করা হচ্ছে। এ ব্যাপারে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (০১৭৪৫-৭৭৪৪৮৭) বা এসআই নুর ইসলাম শিকদারের মুঠোফোনে (০১৭১৮৮৪২৯৩৩) যোগাযোগ করতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে