জনপ্রিয় ক্রিকেট টি-টিয়েন্টি লীগ আইপিএল খেলাকে কেন্দ্র করে চলমান জুয়া খেলা বন্ধ করতে ফেনীর পরশুরাম পৌর এলাকায় ক্রিকেট ম্যাচ চলাকালে স্থানীয় ক্যবল লাইনের (ডিশ) সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী জানান, আজ থেকে সন্ধ্যায় খেলা শুরু হওয়ার সময় থেকে যতক্ষণ খেলা শেষ না হয়, ততক্ষণ পুরো এলাকার কেবল সংযোগ বন্ধ রাখা হবে। আইপিএল চলাকালীন সময় এলাকার হাজার হাজার তরুণ, যুবক বয়সীরা চায়ের দোকানে জুয়া খেলে। এই বিষয়ে অনেক পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আমাদের কাছে এমনও অভিযোগও আছে যে, আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে জুয়া খেলার টাকা যোগাড় করার জন্য স্থানীয় যুবকরা অর্ধেক দামে নিজেদের মোটরসাইকেল, ব্যাটারি চালিত যান বিক্রি করেছে।’
খেলা চলাকালীন সময় কেবল সংযোগ বন্ধ রাখার পাশাপাশি এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার গতিও সীমিত রাখা হবে বলে জানান নিজাম উদ্দীন চৌধুরী।
বার্তাবাজার/এসজে