শিক্ষার্থীদের পতিতা বলায় বেরোবি কর্মচারীর স্থায়ী প্রত্যাহার দাবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের পতিতা বলা তৃতীয় শ্রেণির সেই কর্মচারী খোরশেদ আলমের স্থায়ী বরখাস্তসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উল্লেখিত দাবিগুলো হলো- শিক্ষার্থীদের পতিতা বলা তৃতীয় শ্রেণীর কর্মচারি খোরশেদ আলমকে অনতিবিলম্বে স্থায়ী বরখাস্ত করতে হবে, সেশনজট নিরসন করা, সকল বিভাগে দ্রুত অনলাইন ক্লাস নিশ্চিত করা, যেসব পরীক্ষার ফলাফল আটকে আছে সেগুলোর ফলাফল দ্রুত প্রকাশ করা এবং অষ্টম সেমিস্টারে যাদের চূড়ান্ত পরীক্ষা আটকে আছে তাদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা।

এ সময় বক্তারা বলেন- একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের পতিতা, হকার, কুলাঙ্গার বলা সেই কর্মচারির শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সংগঠন বিবৃতি দিলেও এখন পর্যন্ত
বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। দীর্ঘদিনেও তার শাস্তি নিশ্চিত না করে উল্টো উপাচার্য তার বাড়িতে দাওয়াত খেয়েছেন। খোরশেদ বলেছিলো সে নাকি উপাচার্যকে বলেই আমাদের (শিক্ষার্থীদের) পতিতা বলেছে। আর উপাচার্যও এই ব্যাপারে স্পষ্ট কোন বক্তব্য দেননি। খোরশেদ ক্যাম্পাসে প্রবেশ করে বেগম রোকেয়া নামের এই বিশ্ববিদ্যালয়কে শুধু নয়, মহিয়সী নারী বেগম রোকেয়াকে অপমান করেছে, অপমান করেছে এই ক্যাম্পাসের পবিত্র মাটিকে। যদি তাকে দ্রুত স্থায়ী বরখাস্ত করা না হয়, তাহলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ‍দিতে বাধ্য হবো। এ সময় খোরশেদকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর