ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, পরশ মিয়া, খসরু মিয়া, মঞ্জু মিয়া, হাসান আলী, ফুল মিয়া ও বাছির মিয়া।
এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নূরপুর গ্রামের টেন্ডার পাড়ায় ছায়েব আলী মিয়ার বাড়িতে গানের আসর বসে। সেখানে গান গাওয়া নিয়ে গ্রামের হুমায়ূন কবিরের পক্ষের ফুল মিয়া পরশ মিয়ার পক্ষের শিপন মিয়াকে গালাগাল করে। এ নিয়ে বুধবার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে পাচ পুলিশসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ দাঙ্গাবাজকে আটক করে। আহত পুলিশের এস.আই ময়নাল হক ও এস.আই আরিফুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এছাড়াও উভয় পক্ষের ১৪ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বাকীরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেয়।
এ ব্যাপারে গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়ব আহমেদ হৃতুল বলেন, পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫জন আহত হয়েছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ১৫/২০জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ও ৭ দাঙ্গাবাজকে আটক করে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস